১০০ শয্যাবিশিষ্ট ঝালকাঠি সদর হাসপাতালের জরুরি এক্স-রে রুমে বহিরাগত ব্যক্তি দিয়ে হাসপাতালের সেবা কার্যক্রম পরিচালনার অভিযোগে মেডিকেল টেকনোলজিস্ট (রেডিওগ্রাফার) দিলীপ কুমার শীলকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।
গত ১৭ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়লে তা হাসপাতাল কর্তৃপক্ষের নজরে আসে। এর পরিপ্রেক্ষিতে ১৮ আগস্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. মাসুম ইফতেখার স্বাক্ষরিত একটি শোকজ নোটিশ জারি করা হয়।
নোটিশে উল্লেখ করা হয়, সরকারি হাসপাতালে অনুমোদিত জনবলের বাইরে বহিরাগত লোক দিয়ে দাপ্তরিক বা চিকিৎসা সেবামূলক কাজ করানো সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালার সংশ্লিষ্ট ধারা অনুযায়ী গুরুতর অসদাচরণের শামিল। এই অনিয়মের বিষয়ে কেন তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে না, তার সন্তোষজনক জবাব আগামী তিন কার্যদিবসের মধ্যে দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝালকাঠি সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. মাসুম ইফতেখার বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি প্রকাশের পরই আমরা তাৎক্ষণিক পদক্ষেপ হিসেবে তাঁকে শোকজ করেছি। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব পাওয়া না গেলে প্রচলিত বিধি অনুযায়ী তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
এ বিষয়ে অভিযুক্ত মেডিকেল টেকনোলজিস্ট (রেডিওগ্রাফার) দিলীপ কুমার শীল বলেন, “আমি শোকজের নোটিশ হাতে পেয়েছি। কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যেই এর যথোপযুক্ত জবাব দেব।”
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.