দক্ষিণাঞ্চলের অন্যতম প্রাকৃতিক সৌন্দর্যের আধার বরিশালের উজিরপুর উপজেলার সাতলার লাল শাপলার বিল। বিস্তীর্ণ জলাভূমিজুড়ে ফুটে থাকা লাল শাপলার অপরূপ সৌন্দর্য প্রতিবছর দেশ-বিদেশের প্রকৃতিপ্রেমী ও ভ্রমণপিপাসুদের আকৃষ্ট করে। এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে সাতলার শাপলার বিলকে আরও আধুনিক, আকর্ষণীয় ও পর্যটকবান্ধব করে গড়ে তুলতে সৌন্দর্যবর্ধনের কাজ এগিয়ে চলছে।
শাপলার বিলের প্রবেশদ্বারে নির্মাণ করা হচ্ছে দৃষ্টিনন্দন গেট ও আধুনিক ভিউ পয়েন্ট। পাশাপাশি পর্যটকদের স্বাচ্ছন্দ্য ও নিরাপদে প্রকৃতির সৌন্দর্য উপভোগের সুযোগ তৈরি করতে ঘাটলাসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম হাতে নিয়েছে উপজেলা প্রশাসন। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে সাতলার শাপলার বিলের সৌন্দর্য উপভোগের পাশাপাশি পর্যটকদের জন্য এটি আরও আকর্ষণীয় একটি গন্তব্যে পরিণত হবে বলে আশা করা হচ্ছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উজিরপুরের প্রাকৃতিক সৌন্দর্য ও পর্যটন সম্ভাবনাকে জাতীয় পর্যায়ে তুলে ধরার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। স্থিরচিত্র ও ভিডিওচিত্রের মাধ্যমে সাতলার লাল শাপলার বিলের সৌন্দর্য দেশজুড়ে তুলে ধরার পাশাপাশি পর্যটন বিকাশে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জনসম্পৃক্ততাও বাড়ানোর উদ্যোগ রয়েছে।
স্থানীয়দের মতে, সাতলার শাপলার বিল শুধু উজিরপুর নয়, বরিশাল তথা দক্ষিণাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক পর্যটন সম্পদ। প্রতিবছর শাপলা ফোটার মৌসুমে দূর-দূরান্ত থেকে পর্যটকরা এখানে ছুটে আসেন। কিন্তু দীর্ঘদিন ধরে পর্যটন অবকাঠামোর সীমাবদ্ধতার কারণে দর্শনার্থীদের নানা ধরনের অসুবিধায় পড়তে হয়েছে। নতুন ভিউ পয়েন্ট, গেট ও ঘাটলা নির্মাণসহ সৌন্দর্যবর্ধনের উদ্যোগ পর্যটকদের সেই দুর্ভোগ অনেকটাই কমাবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা যোগদানের পর থেকে প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি জনসেবামূলক ও জনকল্যাণমুখী বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখছেন বলে স্থানীয়দের অভিমত। তাঁর উদ্যোগ ও উপজেলা প্রশাসনের সমন্বিত কার্যক্রমে সাতলার লাল শাপলার বিলকে আধুনিক পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার এ উদ্যোগ ইতোমধ্যে প্রশংসা কুড়িয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, প্রাকৃতিক সৌন্দর্য অক্ষুণ্ন রেখে পরিকল্পিতভাবে পর্যটন অবকাঠামো গড়ে তোলা গেলে সাতলার শাপলার বিলকে দেশের অন্যতম আকর্ষণীয় গ্রামীণ পর্যটনকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করা সম্ভব। এতে উজিরপুরের পর্যটন সম্ভাবনা বাড়ার পাশাপাশি স্থানীয় মানুষের কর্মসংস্থান ও অর্থনৈতিক কর্মকাণ্ডও বিস্তৃত হওয়ার সুযোগ তৈরি হবে।
প্রকৃতির অপরূপ লাল শাপলা, বিস্তীর্ণ বিল, নৌভ্রমণ এবং গ্রামীণ পরিবেশ,সব মিলিয়ে সাতলার শাপলার বিল ইতোমধ্যেই একটি অনন্য পর্যটন আকর্ষণ। এর সঙ্গে আধুনিক ও দৃষ্টিনন্দন অবকাঠামো যুক্ত হলে দেশের পর্যটন মানচিত্রে উজিরপুরের সাতলার অবস্থান আরও সুদৃঢ় হবে, এমনটাই প্রত্যাশা স্থানীয় বাসিন্দা ও পর্যটনসংশ্লিষ্টদের।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.