ঝালকাঠির বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের একাংশের বিতর্কিত কর্মকাণ্ড ও অতিরিক্ত সুবিধা নেওয়ার প্রবণতা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জেলা বিএনপির সদস্য এবং কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম জামাল। তাঁর ভেরিফাইড ফেসবুক আইডি থেকে বৃহস্পতিবার দেওয়া একটি স্ট্যাটাস ইতিমধ্যে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
ফেসবুক পোস্টে রফিকুল ইসলাম জামাল অভিযোগ করেন, দলের কিছু নেতাকর্মী নানা অনৈতিক সুবিধা ও সুযোগ নিতে ব্যস্ত হয়ে পড়েছেন। তিনি লিখেছেন—
"ঝালকাঠির বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের খাই খাই বন্ধ করার জন্য অনুরোধ করছি। ছয় মাসে অনেক খেয়েছেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের পাহাড়ার বিনিময় খেয়েছেন, আওয়ামীদের পক্ষে ওকালতি করে খেয়েছেন, আওয়ামীদের বাড়িঘর পাহারা দিয়ে খেয়েছেন, ঠিকাদারী পাহারা দিয়ে খেয়েছেন। শেষ পর্যন্ত টাকার বিনিময়ে আওয়ামীদের দলে যোগদান করিয়েও খাচ্ছেন। মনে হয় দলটা খেয়ে ফেলবেন।"
ছাত্রদলের এই সাবেক কেন্দ্রীয় নেতা আরও ক্ষোভ প্রকাশ করে বলেন, যাঁদের আত্মত্যাগ ও রক্তের বিনিময়ে আজ নেতাকর্মীরা এই সুযোগ পাওয়ার পরিবেশ পেয়েছেন, ৫ আগস্ট বা ৩৬ জুলাইয়ের শহীদদের স্মরণে তাঁরা একটু দোয়া-মোনাজাতটুকুও করেননি। শুধু পদ-পদবি আকড়ে ধরে নেতা হওয়ার দৌড়ে থাকা এসব ব্যক্তি খুব দ্রুত দল থেকে ঝরে পড়বেন বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে দলের ভেতরে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ড ও সুবিধাভোগী চক্রের তৎপরতা নিয়ে শীর্ষ নেতাদের এমন প্রকাশ্যে সরব হওয়া ঝালকাঠির রাজনীতিতে নতুন আলোচনার সৃষ্টি করেছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.