চুয়াডাঙ্গার দর্শনার ঐতিহ্যবাহী মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ের জন্য ৪ সদস্যবিশিষ্ট একটি অ্যাডহক কমিটি অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর। গত ৩ আগস্ট ২০২৬ সোমবার জারি করা বোর্ডের এক দাপ্তরিক পত্রে এ অনুমোদনের বিষয়টি জানানো হয়।
বোর্ডের স্মারক নম্বর নিম-৬/৫৫৭৫/৩৭.১১.৪০৪১.৫০১.০১.৬.২০.২৪২০১ অনুযায়ী, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রবিধানমালা-২০২৪-এর ৬৪(১) উপ-প্রবিধানের আওতায় এ অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে।
অনুমোদিত কমিটির সভাপতি হিসেবে পুনরায় মনোনীত হয়েছেন দর্শনা পৌর বিএনপির সমন্বয় অন্যতম নেতা ও দর্শনা পৌর মেয়র পদপ্রার্থী আলহাজ্ব প্রভাষক মো. মশিউর রহমান। এর আগেও তিনি মেমনাগর বি ডি মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। তার পূর্ববর্তী দায়িত্ব পালন, শিক্ষানুরাগ এবং প্রতিষ্ঠানটির বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার ধারাবাহিকতায় যশোর শিক্ষা বোর্ড তাকে আবারও এ দায়িত্বে মনোনীত করেছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন,সাধারণ শিক্ষক সদস্য হিসেবে মোছা. ফারজাহানা, অভিভাবক সদস্য হিসেবে মো. মোরশেদুর রহমান এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদাধিকারবলে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
বোর্ডের নির্দেশনায় বলা হয়েছে, অনুমোদিত অ্যাডহক কমিটিকে নির্ধারিত ৬ মাসের মধ্যে প্রবিধানমালা-২০২৪-এর ১০(১) উপ-প্রবিধান অনুযায়ী বিদ্যালয়ের নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন করে অনুমোদনের জন্য যশোর শিক্ষা বোর্ডে প্রস্তাব পাঠাতে হবে।
যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের নির্দেশক্রমে বিদ্যালয় পরিদর্শক মো. এনামুল কবীর স্বাক্ষরিত এ পত্রের অনুলিপি চুয়াডাঙ্গা জেলা প্রশাসক, দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা শিক্ষা কর্মকর্তা এবং সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা হয়েছে।
এদিকে সভাপতি হিসেবে আলহাজ্ব প্রভাষক মো. মশিউর রহমানের পুনরায় মনোনয়নের খবরে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে সন্তোষ প্রকাশের পাশাপাশি নতুন প্রত্যাশার সৃষ্টি হয়েছে। স্থানীয়দের ভাষ্য, তার নেতৃত্বে বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন, শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টি এবং দ্রুত একটি নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের প্রক্রিয়া আরও গতিশীল হবে।
স্থানীয় কয়েকজন অভিভাবক বলেন, প্রভাষক মো. মশিউর রহমান এর আগেও বিদ্যালয়ের উন্নয়নে আন্তরিক ছিলেন। পুনরায় দায়িত্ব পাওয়ায় আমরা আশা করছি, বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মান বৃদ্ধি এবং শিক্ষার্থীদের জন্য আরও ভালো পরিবেশ নিশ্চিত করতে তিনি কার্যকর ভূমিকা রাখবেন।
এ বিষয়ে দর্শনা পৌর বিএনপির সমন্বয় কমিটির সদস্য মেয়র প্রার্থী আলহাজ্ব প্রভাষক মোঃ মশিউর রহমান বলেন, আমি এর আগেও মেমনাগর বি ডি মাধ্যমিক বিদ্যালয়ে সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছি। বিদ্যালয়ের যেকোনো সমস্যা বিষয়ে নিজ অর্থায়নে যতটুকু পেরেছি বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে কাজ করেছি। ১শ বছরের পুরাতন ঐতিহ্যবাহী এই স্কুলের শিক্ষার মান উন্নত করতে আমি কাজ করবো। আগামীতেও এই প্রতিষ্ঠানের উন্নয়নে ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.