বরিশালের বাবুগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী দুর্গাসাগর (পর্যটন কেন্দ্র) থেকে একটি হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার মো. জামাল হোসেন এবং পাহারাদার-কাম-মালী অলিউল রহমান অলি-কে রবিবার বিকালে গ্রেপ্তার করেছে এয়ারপোর্ট থানা পুলিশ।
ঘটনাকে কেন্দ্র করে বাবুগঞ্জসহ আশপাশের এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের ভাষ্য, দুর্গাসাগর শুধু একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্রই নয়, এটি বরিশালের ঐতিহ্য, প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্য সংরক্ষণের একটি গুরুত্বপূর্ণ স্থান। সেখানে সংরক্ষিত হরিণ চুরির অভিযোগ জনমনে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, এয়ারপোর্ট থানায় দায়েরকৃত মামলা নং-০৫, জিআর-১৫৫, তারিখ ০৭ আগস্ট ২০২৫, দণ্ডবিধির ৩৮০ ধারায় দুর্গাসাগর পর্যটন কেন্দ্র থেকে একটি হরিণ চুরির অভিযোগে মামলা রুজু হয়। প্রাথমিক তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযুক্ত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযোগ রয়েছে, চুরি করা হরিণ জবাই করে এর মাংস ভক্ষণ করা হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তে নতুন তথ্য বা অন্য কোনো ব্যক্তির সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
দুর্গাসাগরের মতো একটি সরকারি সংরক্ষিত স্থানে এমন ঘটনা বন্যপ্রাণী সংরক্ষণ ও সরকারি সম্পদ রক্ষার বিষয়টিকে নতুন করে সামনে নিয়ে এসেছে।
সচেতন মহল দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
উল্লেখ্য, অভিযোগটি বর্তমানে তদন্তাধীন। আদালতে অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত অভিযুক্তরা আইনগতভাবে নির্দোষ হিসেবে বিবেচিত হবেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.