ঝালকাঠির নলছিটি উপজেলার কুশঙ্গল ইউনিয়নের জনগুরুত্বপূর্ণ সেওতা–মানপাশা সড়কের প্রায় ৩ কিলোমিটার অংশ দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীর। প্রায় দুই বছর আগে সড়কটির সংস্কারকাজ শুরু হলেও ঠিকাদারের মৃত্যুর কারণে দেড় বছর ধরে তা সম্পূর্ণ বন্ধ রয়েছে। এতে প্রতিদিনই মারাত্মক ঝুঁকি নিয়ে চলাচল করছেন পথচারী, শিক্ষার্থী ও বিভিন্ন যানবাহনের চালকরা।
আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা ১১টার দিকে এই সড়কটি দ্রুত সংস্কারের দাবিতে স্থানীয় নাগরিক, শিক্ষার্থী, অভিভাবক ও যানবাহনের চালকদের উদ্যোগে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন থেকে স্থানীয় সংসদ সদস্য ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত বন্ধ থাকা কাজ পুনরায় শুরু করে জনদুর্ভোগ নিরসনের জোরালো আহ্বান জানানো হয়।
স্থানীয় বাসিন্দা মো. সাইফুল ইসলাম জানান, সেওতা–মানপাশা সড়কটি নলছিটির মানপাশা এলাকার সঙ্গে বাকেরগঞ্জ উপজেলার একটি গুরুত্বপূর্ণ সংযোগ স্থাপন করেছে। এছাড়া অন্তত তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শত শত শিক্ষার্থী প্রতিদিন এই সড়ক ব্যবহার করে বিদ্যালয়ে যাতায়াত করে। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও ভাঙনের সৃষ্টি হওয়ায় প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। অনেক সময় যানবাহন উল্টে গিয়ে যাত্রী ও পথচারীরা আহত হচ্ছেন।
মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, দীর্ঘদিন ধরে সংস্কারকাজ বন্ধ থাকায় সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে। দ্রুত কাজ পুনরায় শুরু করা না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
এ বিষয়ে নলছিটি উপজেলা এলজিইডির উপসহকারী প্রকৌশলী মো. মঈনুল আযম বলেন, "কাজটি ঠিকাদার মো. নাসিম আকন শুরু করেছিলেন। কাজ চলমান অবস্থাতেই তিনি মারা যাওয়ায় প্রকল্পটির কাজ বন্ধ হয়ে যায়। আমরা আইনি প্রক্রিয়া ও দ্রুত সমস্যার সমাধান করে কাজটি পুনরায় চালুর চেষ্টা চালিয়ে যাচ্ছি।"
এলাকাবাসীর এখন একটাই প্রত্যাশা, জনস্বার্থে গুরুত্বপূর্ণ এই সড়কের সংস্কারকাজ দ্রুত সম্পন্ন করে তাদের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.