বরিশালের বাবুগঞ্জ উপজেলায় তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করে শারীরিক ও মানসিক বিকাশে উৎসাহিত করার লক্ষ্যে এএম স্পোর্টস একাডেমির দ্বিতীয় ব্যাচের আনুষ্ঠানিক প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১১ জুলাই) বিকেলে উপজেলার বাবুগঞ্জ পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে হারুন মোল্লা ফাউন্ডেশনের পরিচালনায় এ উপলক্ষে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বাবুগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক অধ্যাপক মো. শাহে আলম প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাংবাদিক মো. সাইফুল ইসলাম। এছাড়া অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. জাকির হোসেন সুমন, ক্রীড়া সংগঠক নুরুল ইসলাম মাস্টারসহ শিক্ষক, এম একাডেমির ব্যবস্থাপক নূরে আলম বাপ্পি, মোহাম্মদ ডালিমসহ ক্রীড়া সংগঠক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
একাডেমি সূত্রে জানা গেছে, দ্বিতীয় ব্যাচে সপ্তম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে আনুষ্ঠানিকভাবে ফুটবল প্রশিক্ষণ শুরু হয়েছে। উদ্বোধনের দিনেই প্রাথমিক পর্যায়ে ৩০ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছেন অভিজ্ঞ প্রশিক্ষকরা। এছাড়া প্রথম ব্যাচের পঞ্চম ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের প্রশিক্ষণও নিয়মিতভাবে চলমান রয়েছে।
এএম স্পোর্টস একাডেমির চেয়ারম্যান আসাদুল্লাহ বলেন, "মাদক, অপরাধ ও বিভিন্ন নেতিবাচক আসক্তি থেকে কিশোর ও যুবসমাজকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। সেই লক্ষ্য থেকেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা চাই, এই একাডেমি থেকে ভবিষ্যতে জাতীয় পর্যায়ের ফুটবলারসহ বিভিন্ন ক্রীড়া অঙ্গনে দক্ষ খেলোয়াড় তৈরি হোক।"
বক্তারা বলেন, নিয়মিত খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি, মানসিক বিকাশ এবং শৃঙ্খলাবোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই এ ধরনের উদ্যোগ তরুণ সমাজকে ইতিবাচক পথে এগিয়ে নিতে কার্যকর ভূমিকা পালন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.