ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ২০ (বিশ) পিস হালকা গোলাপী রঙের ইয়াবা ট্যাবলেটসহ সুমন চক্রবর্তী (৪১) নামের এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
৭ জুন রবিবার বিকেল ৫ টার দিকে ঝালকাঠি পৌরসভাধীন ৪নং ওয়ার্ডস্থ ৬৪ বাহির রোড ‘জি আর কম্পিউটার সেন্টার’-এর সামনের পাকা রাস্তার ওপর থেকে তাকে গ্রেফতার করা হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, ঝালকাঠির নেতৃত্বে এসআই (নিঃ) মো: আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঝালকাঠি সদর থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে পৌঁছামাত্র ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামি দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে সঙ্গীয় ফোর্সের সহায়তায় তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক অবৈধ বাজার মূল্য ৬ হাজার টাকা।
গ্রেফতারকৃত সুমন চক্রবর্তী (৪১), ঝালকাঠি পৌরসভার ৪নং ওয়ার্ডের কেন্দ্রীয় কালী মন্দির এলাকার মৃত তারাপদ চক্রবর্তীর ছেলে।
এ বিষয়ে এসআই (নিঃ) মো: তারিফুল ইসলাম বাদী হয়ে আসামি সুমন চক্রবর্তীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণীর ১০(ক) ধারায় ঝালকাঠি সদর থানায় একটি নিয়মিত এজাহার দায়ের করেছেন।
সুমন চক্রবর্তী দীর্ঘদিন কালিবাড়ি মন্দিরের পুরোহিত হিসাবে দায়িত্ব পালন করেছেন।
এ বিষয়ে কালিবাড়ি মন্দির কমিটির সভাপতি অসীম রঞ্জন রায় বলেন সুমন চক্রবর্তী যে মাদক ব্যবসা করতে আমরা জানতাম না । আজকে মাদকসহ গ্রেফতারের সংবাদ পেয়ে সাথে সাথে আমরা তাকে বহিষ্কার করেছি।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.