শফিকুল ইসলাম দিনাজপুর জেলা প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুর উপজেলায় কৃষি উন্নয়ন, পুষ্টি সচেতনতা এবং গ্রামীণ উদ্যোক্তা তৈরির লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে “PARTNER কংগ্রেস-২০২৬”। আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থা IFAD ও The World Bank-এর সহায়তায় পরিচালিত “Program on Agricultural and Rural Transformation for Nutrition, Entrepreneurship and Resilience in Bangladesh (PARTNER)” প্রকল্পের আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বিরামপুর এ আয়োজন করে।
মঙ্গলবার (০৭ জুন ২০২৬) বিরামপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ কংগ্রেসে কৃষক, নারী উদ্যোক্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে কৃষির আধুনিকায়ন, প্রযুক্তিনির্ভর চাষাবাদ, পুষ্টিকর খাদ্য উৎপাদন ও আত্মকর্মসংস্থানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, দিনাজপুরের উপ-পরিচালক মোঃ আফজাল হোসেন। তিনি বলেন, কৃষিকে আধুনিক ও লাভজনক খাতে রূপান্তরের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন আরও ত্বরান্বিত করা সম্ভব। কৃষকদের উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং নতুন উদ্যোক্তা সৃষ্টিতে সরকার বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে বলেও তিনি উল্লেখ করেন। তিনি বলেন, “PARTNER প্রকল্প গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
স্বাগত বক্তব্যে বিরামপুর উপজেলা কৃষি অফিসার কমল কৃষ্ণ রায় বলেন, আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, নিরাপদ খাদ্য উৎপাদন এবং কৃষিভিত্তিক উদ্যোক্তা তৈরিতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
বিশেষ অতিথির বক্তব্যে দিনাজপুর জেলা প্রশিক্ষণ অফিসার শাহ আলম মিয়া বলেন, টেকসই ও বাণিজ্যিক কৃষি ব্যবস্থা গড়ে তুলতে কৃষকদের প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তার বিকল্প নেই।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তানজিনা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া নওরিন, উপজেলা সমাজসেবা অফিসার রাকিবুল ইসলামসহ বিভিন্ন সরকারি কর্মকর্তারা।
রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন বিরামপুর পৌরসভা বিএনপির সভাপতি মোঃ হুমাউন কবীর, সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম রেজুসহ স্থানীয় নেতৃবৃন্দ।
কংগ্রেসের অন্যতম আকর্ষণ ছিল কৃষিপণ্য, ফলমূল, সবজি, উন্নত জাতের ফসল, গাছপালা ও কৃষিভিত্তিক উদ্ভাবনী উদ্যোগ নিয়ে সাজানো প্রদর্শনী স্টল। স্টলগুলোতে আধুনিক কৃষি ব্যবস্থাপনা, জৈব সার ব্যবহার, নিরাপদ খাদ্য উৎপাদন এবং পুষ্টিকর খাদ্য চাষাবাদের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
বক্তারা বলেন, কৃষিকে শুধু খাদ্য উৎপাদনের মধ্যে সীমাবদ্ধ না রেখে উদ্যোক্তা তৈরির অন্যতম খাতে পরিণত করতে হবে। বিশেষ করে নারী ও যুব সমাজকে কৃষিভিত্তিক ব্যবসায় সম্পৃক্ত করার মাধ্যমে দেশের গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করা সম্ভব।
সংশ্লিষ্টদের মতে, “PARTNER কংগ্রেস-২০২৬” বিরামপুর উপজেলার কৃষকদের মাঝে নতুন উদ্দীপনা ও সম্ভাবনার বার্তা পৌঁছে দিয়েছে। সরকারের পাশাপাশি আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের এ সম্মিলিত উদ্যোগ ভবিষ্যতে গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত সকলে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.