বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:
জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বরিশাল-৩ (মুলাদি-বাবুগঞ্জ) আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে ভোটারদের ভয়ভীতি প্রদর্শন ও ভোটের দিন ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়ার অভিযোগ তুলে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত আবেদন জমা দিয়েছে বিএনপি।
বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদীনের প্রধান নির্বাচনী এজেন্ট ও বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহমেদ খান এ অভিযোগপত্র জমা দেন। অভিযোগে বলা হয়, ১১ দলীয় জোটের প্রার্থী ও আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের পক্ষ থেকে প্রকাশ্যে ভোটারদের মধ্যে ভয়ভীতি সৃষ্টি করা হচ্ছে এবং তাদের ভোটকেন্দ্রে না যাওয়ার জন্য হুমকি দেওয়া হচ্ছে।
লিখিত অভিযোগে আরও উল্লেখ করা হয়, এ ধরনের কর্মকাণ্ডে সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিভিন্ন এলাকায় সমর্থকদের মাধ্যমে ভোটারদের প্রভাবিত করার চেষ্টাও করা হচ্ছে বলে অভিযোগে বলা হয়, যা নির্বাচন কমিশনের আচরণবিধি ও প্রচলিত আইনের পরিপন্থী।
এ অবস্থায় বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানানো হয়েছে। অভিযোগের সঙ্গে প্রাসঙ্গিক তথ্য ও প্রমাণ নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়া হয়েছে বলেও উল্লেখ করা হয়।
এ বিষয়ে জানতে ঈগল প্রতীকের প্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের সঙ্গে যোগাযোগের জন্য তার ব্যবহৃত মোবাইল ফোনে দুইবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি এবং তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.