বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি ঃ
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে শীর্ষ সন্ত্রাসী শহীদ প্যাদা ওরফে ‘গলাকাটা প্যাদা’সহ পাঁচজনকে আটক করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সিগারেট, দেশীয় অস্ত্র, মাদকদ্রব্য, নগদ অর্থ ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
বুধবার (৪ ফেব্রুয়ারি) ভোর রাত ৩টা ৫৫ মিনিট থেকে সকাল ১১টা ৩০ মিনিট পর্যন্ত বাবুগঞ্জ উপজেলার আগরপুর ইউনিয়নের চর উত্তর ভুতেরদিয়া গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়।
বরিশাল ক্যাডেট কলেজ আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর ফয়সাল হকের নেতৃত্বে গৌরনদী ও আগৈলঝাড়া আর্মি ক্যাম্পের সমন্বয়ে যৌথভাবে অভিযানটি পরিচালিত হয়।
আটক ব্যক্তিরা হলেন, বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের চর উত্তর ভুতেরদিয়া গ্রামের মৃত কাদের প্যাদার ছেলে শীর্ষ সন্ত্রাসী শহীদ প্যাদা ওরফে গলাকাটা প্যাদা (৪৯), মুলাদী উপজেলার কুতুবপুর গ্রামের মৃত আব্দুল লতিফ সিকদারের ছেলে মো. সিরাজুল ইসলাম (৬৩), বরিশাল সদর উপজেলার বটতলা বাজার এলাকার মৃত তারেক খানের ছেলে মামুন খান (৩৫), গৌরনদী উপজেলার মাহিলারা গ্রামের অনিল ব্যাপারীর ছেলে অসীম বেপারী (২৮) এবং বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের টেংরাখালী গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে মো. সুলাইমান (৪৭)
অভিযানকালে শহীদ প্যাদার হেফাজত থেকে ৩২ হাজার প্যাকেট অবৈধ সিগারেট, একটি অটোমেটিক চাকু, একটি চাইনিজ কুড়াল, তিনটি চাপাতি, পাঁচটি রামদা, তিনটি ল্যাপটপ, একটি প্রিন্টার ও মনিটর, বিপুল পরিমাণ নগদ অর্থ, একটি ইলেকট্রিক শক মেশিন, ৩৫ পিস ইয়াবা, মাদক সেবনের বিভিন্ন উপকরণ, ১০টি মোবাইল ফোন, মাদক পরিমাপের দুটি যন্ত্র এবং তিনটি বিভিন্ন ব্যাংকের চেকবই জব্দ করা হয়।
সেনাবাহিনী সূত্র জানায়, অভিযান শেষে বিকেল তিনটার দিকে আটক ব্যক্তিদের এবং জব্দকৃত মালামাল বাবুগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মো. এহতেশামুল ইসলাম জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র আইন ও বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে শহীদ প্যাদার বিরুদ্ধে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগ ছিল। সেনাবাহিনীর এই অভিযানে এলাকায় স্বস্তি ফিরেছে বলে জানান তারা।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.