আজকের ক্রাইম ডেক্স ॥ বরিশালের উজিরপুরে স্বামীকে বিষ খাইয়ে হত্যা মামলায় স্ত্রী ও তার প্রেমিককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
একইসঙ্গে তাদের ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। যা অনাদায়ে আরও এক মাস করে সশ্রম কারাবাসে থাকতে হবে।
রোববার দুপুরে বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কেএম রাশেদুজ্জামান রাজা এ রায় ঘোষণা করেন বলে ওই আদালতের পিপি মামুন চৌধুরী জানান।
দণ্ডপ্রাপ্তরা হলেন: ওই উপজেলার কুড়ালিয়া এলাকার নিহত সুশান্ত বৈরাগীর স্ত্রী সেবিকা মণ্ডল (২২) ও তার প্রেমিক ঝালকাঠি জেলার জগদীশপুর এলাকার মিঠুন হালদার (২৮)।
পিপি মামুন চৌধুরী বলেন, “রায় ঘোষণার সময় সেবিকা মণ্ডল আদালতে হাজির ছিলেন। তবে মিঠুন হালদার পলাতক আছেন।”
মামলার নথির বরাতে ওই আদালতের বেঞ্চ সহকারী কামরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০১৭ বছরের ৭ নভেম্বর রাতে সুশান্তকে বিষ মেশানো ভাত ও শাপলা ভাজা খেতে দেন তার স্ত্রী সেবিকা মণ্ডল।এর কিছুক্ষণের মধ্যে সুশান্তর বমি শুরু হয়। তখন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৯ নভেম্বর রাত ৩টার দিকে সুশান্ত বৈরাগীর মৃত্যু হয়।
“এর পরদিন নিহতের ভাই সুনীল বৈরাগী উজিরপুর মডেল থানায় হত্যা মামলা করেন।”
বেঞ্চ সহকারী আরও বলেন, “মামলায় ২০১৯ সালের ৩১ ডিসেম্বর সিআইডির পরিদর্শক আলী আকবর আদালতে অভিযোগপত্র দেন। ১৭ জনের সাক্ষ্য শেষে আদালতের বিচারক এ রায় ঘোষণা করেন।“
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.