আজকের ক্রাইম ডেক্স: বগুড়ার শেরপুরে সেতুর ওপর দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় ২ শিশুসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার বিকাল ৩টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের ঘোগা সেতুর ওপরে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন নারী ও একজন পুরুষ। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা নওগাঁ ট্রাভেলসের একটি বাস ঘোগা সেতুর ওপর দিয়ে নওগাঁ যাচ্ছিল। এ সময় বিপরীতমুখী ঢাকাগামী কালিয়াকৈর সার্ভিসের একটি বাসের সঙ্গে ওই বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে।
এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। সেতুর ওপর দুর্ঘটনার কারণে মহাসড়কের দুই পাশে অন্তত আধা ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে হাইওয়ে পুলিশের তৎপরতায় মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। দুর্ঘটনার পর উপজেলা ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা চালায়।
শেরপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা সিদ্দিকুর রহমান সাংবাদিকদের বলেন, সেতুর ওপর থেকে দুটি লাশ উদ্ধার করা হয়েছে। তবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এ ছাড়া দুর্ঘটনায় উদ্ধার হওয়া অন্তত ১০ জনকে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক রোজিবুল ইসলাম সাংবাদিকদের বলেন, দুর্ঘটনার পর উভয় গাড়ির চালক ও চালকের সহকারীরা পালিয়ে যান। দুর্ঘটনাকবলিত দুটি বাস পুলিশি হেফাজতে রয়েছে। লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.