আজকের ক্রাইম ডেক্স
ঢাকা-আরিচা মহাসড়কের মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে মানিকগঞ্জের তরা সেতুর ওপর সেলফি পরিবহনের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় স্থানীয় লোকজন সেলফি পরিবহনের বাস ভাঙচুরসহ আগুন ধরিয়ে দেন।
নিহতরা হলেন মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র জুয়েল মিয়া (২৫) এবং তার বন্ধু ব্যবসায়ী আশিকুর রহমান (২৫)। এ ঘটনায় আহত তাদের বন্ধু হাসিবুর রহমান মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।
নিহত দু'জনের বাড়ি জেলার ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের রাথুরা গ্রামে। রাত সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজউদ্দিন আহমেদ বিপ্লব।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাত সাড়ে দশটার দিকে মানিকগঞ্জের তরা সেতুর ওপর পাটুরিয়াগামী সেলফি পরিবহনের বাসটি পেছন থেকে একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মারা যান কলেজছাত্র জুয়েল মিয়া এবং তার বন্ধু আশিকুর রহমান। এ ঘটনায় আহত হন আরেক বন্ধু হাসিবুর।
এদিকে দুর্ঘটনার পর পরই স্থানীয় জনগণ উত্তেজিত হয়ে সেলফি পরিবহনের কয়েকটি বাস ভাঙচুর করেছে। এ সময় পুলিশ লাঠি চার্জ করে উত্তেজিত জনগণকে মহাসড়ক অবরোধ করা থেকে বিরত রাখেন। অপরদিকে রাত সাড়ে ১১টার দিকে বানিয়াজুরী বাসস্ট্যান্ডে সেলফি পরিবহনের বাসে আগুন ধরিয়ে দেয় জনগণ।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.