নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাংগাইলের নাগরপুরে আসছে পবিত্র রমজান মাস উপলক্ষে ভর্তুকি মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রয়ের জন্য ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ এর (টিসিবি) পণ্য পাচ্ছেন ১৬ হাজার ৪২৯ পরিবার। ২০ মার্চ থেকে নাগরপুর উপজেলার ১২ টি ইউনিয়নে পর্যায়ক্রমে এসব পণ্য বিক্রি করা হবে। কোথায় কোথায় পণ্য বিক্রি করা হবে এবং সম্ভাব্য তারিখও ধার্য্য করা হয়েছে। উপজেলার মোট ৪ টি বিক্রয় প্রতিষ্ঠানকে টিসিবির পণ্য বিক্রির জন্য ডিলার নিয়োগ করা হয়েছে।
এ নিয়ে উপজেলা প্রশাসন প্রত্যেকটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সাথে সভা করে তালিকা প্রস্তুত করেছে। জনপ্রতিনিধিদের দেওয়া তালিকা মোতাবেক সমগ্র উপজেলার ১৬ হাজার ৪২৯ টি পরিবারকে টিসিবির পণ্য বিক্রির জন্য কার্ড ইস্যু করা হয়েছে। তালিকাভুক্ত প্রত্যেক পরিবার টিসিবির নির্ধারিত ডিলারের কাছে ৫৫ টাকা কেজি দরে দুই কেজি চিনি, ১১০ টাকা লিটার করে দুই কেজি সয়াবিন তেল ও ৬৫ টাকা কেজি দরে দুই কেজি মশুর ডাল ভর্তুকি মূল্য ৪৬০ টাকা (প্যাকেজ) দরে ক্রয় করতে পারবেন।
টিসিবির পণ্য বিক্রির তদারকি করতে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, নাগরপুর থানা পুলিশ ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানদের সমন্বয়ে তদারকি টিম গঠন করা হয়েছে। এ বিষয়ে উপজেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ উজ্জল হোসেন মোল্লা জানান, বর্তমান সরকারের একটি যুগোপযোগী সিদ্ধান্ত টিসিবির পণ্য বিক্রয়। সারাদেশে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি চলছে এই কার্যক্রমে কিছুটা হলেও মানুষের মধ্যে স্বস্তি ফিরবে।
নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান জানান, জনগণের কথা চিন্তা করে সরকার যে উদ্যোগটি নিয়েছেন তা যথাযথভাবে বাস্তবায়নের জন্য ইতোমধ্যে টিসিবির ডিলার নিয়োগ ও তদারিক টিম গঠন করা হয়েছে। রমজানের আগে প্রথম পর্যায় ও রমজানের মধ্যে দ্বিতীয় পর্যায়ে পণ্য বিতরণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.