বাবুগঞ্জ প্রতিনিধিঃ বাবুগঞ্জে সমবায় সমিতির সদস্যদের মাঝে আবর্তক ঋণ বিতরণ করা হয়েছে।
বুধবার বাবুগঞ্জ উপজেলা সমবায় দপ্তরের উদ্যোগে উপজেলার চাঁদপাশা ইউনিয়নের প্রাথমিক দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতির সদস্যদের মাঝে ৮৯ লাখ টাকার ওই আবর্তক ঋণের চেক বিতরণ করা হয়।
ঋণ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমবায় অধিদপ্তরের মহাপরিচালক ও নিবন্ধক (অতিরিক্ত সচিব) ড. মোঃ হারুন-অর-রশিদ বিশ্বাস।
চাঁদপাশা ইউনিয়ন প্রাথমিক দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতির সভাপতি ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা বিনতে ওহাবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে বক্তৃতা করেন বরিশাল বিভাগীয় সমবায় অধিদপ্তরের যুগ্ম-নিবন্ধক মুহাম্মদ আবদুল্লাহ আল মামুন, জেলা সমবায় অফিসার মোঃ গোলাম কবীর শরীফ, বাবুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মিজানুর রহমান, উপজেলা সমবায় অফিসার মোঃ ফরহাদ হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আবু সালেহ মোঃ ইফাদ ইশতিয়াক ও চাঁদপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন রাঢ়ী।
আবর্তক ঋণ বিতরণী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত থেকে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে সমবায় অধিদপ্তরের মহাপরিচালক ও নিবন্ধক ড. মোঃ হারুন-অর-রশিদ বিশ্বাস বলেন, দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়ন ও বেকারদের কর্মসংস্থানের জন্য উদ্যোক্তা তৈরির চেষ্টা করা হচ্ছে। এজন্য সরকার থেকে সর্বাত্মক সাহায্য-সহযোগিতা দেয়া হচ্ছে। সমবায় সমিতিগুলো এক্ষেত্রে একটি বিরাট ভূমিকা পালন করতে পারে। সমবায়ী সদস্যরা চাইলে আবর্তক ঋণের সুযোগকে কাজে লাগিয়ে নিজে স্বাবলম্বী হতে পারে।'
এসময় চাঁদপাশা ইউনিয়ন প্রাথমিক দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতির ৮৯ জন সদস্যদের প্রত্যেককে দুইটি করে উন্নত জাতের গাভী বাছুর কেনার জন্য জনপ্রতি ১ লাখ টাকা করে ৮৯ লাখ টাকা ঋণের চেক বিতরণ করা হয়।
আবর্তক ঋণ কর্মসূচির আওতায় এই ঋণ পরিশোধের সঙ্গেসঙ্গেই আবার নতুন করে ঋণ নেওয়ার সুযোগ পাবেন সমবায় সমিতির সদস্যরা বলে জানান উপজেলা সমবায় অফিসার মোঃ ফরহাদ হোসেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.