আজকের ক্রাইম ডেক্স
দুই বছর পর আজ রোববার শুরু হয়েছে ৫ দিনব্যাপী পুলিশ সপ্তাহ। ভার্চুয়ালি যুক্ত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রতিবারই পুলিশ সপ্তাহের একটি আকর্ষণীয় বিষয় থাকে প্যারেড। শ্রেষ্ঠ প্যারেড ইউনিটকে পুরস্কৃত করা হয়। তবে এবার প্যারেডে নতুন ৩টি বিষয় যুক্ত করা হয়। প্রথমবারের মতো প্যারেডে অংশ নিয়েছে পুলিশের স্পেশাল উইপনস অ্যান্ড ট্যাকটিকস ফোর্স (সোয়াট)। এ ছাড়া পুলিশের ডগ স্কোয়াড ও ট্রাফিকের বহরও ছিল। সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার একজন কর্মকর্তা প্যারেডে এসব বহরের নেতৃত্ব দেন। অনুষ্ঠানে অভিনবত্ব আনতেই এই পদক্ষেপ নেওয়া হয় বলে পুলিশের একাধিক উচ্চপদস্থ কর্মকর্তা সমকালকে জানান।
এবারের পুলিশ সপ্তাহের প্রতিপাদ্য হলো- 'দক্ষ পুলিশ, সমৃদ্ধ দেশ; বঙ্গবন্ধুর বাংলাদেশ।' প্রতি বছর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে প্যারেডে ১১টি ইউনিট অংশ নেয়। করোনার কারণে এ বছর দুটি ইউনিট কমানো হয়েছে। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ঢাকার বাইরে থেকে পুলিশের কোনো সদস্যকে ডাকা হয়নি।
প্যারেডে শুধু রেঞ্জ ডিআইজি (উপ-মহাপরিদর্শক), ৬৪ জেলার পুলিশ সুপার, মহানগর পুলিশ কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। করোনার কারণে মাঝে দুই বছর বন্ধ ছিল পুলিশ সপ্তাহ। অনুষ্ঠানে সব অতিথির জন্য করোনার নেগেটিভ সনদ বাধ্যতামূলক করা হয়।
পুলিশ সপ্তাহ উপলক্ষে বাণীতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশপ্রেম, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের মধ্য দিয়ে জনগণের সেবা প্রদান নিশ্চিত করতে এ বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণীতে বলেছেন, বাংলাদেশ পুলিশ দেশের অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং আইনের শাসন প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে চলেছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.