আজকের ক্রাইম ডেক্স; ঢাকা-বরিশাল রুটের যাত্রীবাহী কুয়াকাটা-২ লঞ্চ থেকে শারমিন আক্তার (২৬) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকালে এমভি কুয়াকাটা-২ এর নিচতলার লস্কর কেবিন থেকে ওই তরুণীর মরদেহ উদ্ধার করা হয়।
লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এটি হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
শারমিন আক্তার ঢাকা পলিটেকনিক সংলগ্ন কুনিপাড়া এলাকার বাসিন্দা। তার বাবা এনায়েত হোসেন ফকির।
লঞ্চের লস্কর মো. সোহাগ জানান, ১৮শ’ টাকায় কেবিনটি স্বামী-স্ত্রী পরিচয়ে ভাড়া নেওয়া হয়। সকালে কেবিনটি বাইরে থেকে তালাবদ্ধ দেখতে পাওয়া যায়। সন্দেহ হলে তালা খুললে কেবিনে তরুণীর লাশ দেখতে পাওয়া যায়। এরপর পুলিশে খবর দেওয়া হয়।
রাত ৩টার দিকে শ্বাসরোধ করে হত্যার পর সঙ্গে থাকা পুরুষ পালিয়ে যায় বলে ধারণা তার।
লস্কর সোহাগ বলেন, ‘আমি ভাড়া পাইছি, ভাড়া দিছি। কার মনে কী তা তো জানি না।’
সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করলে আসল রহস্য বের হয়ে আসবে বলে মনে করছেন বরিশাল কোতয়ালী মডেল থানার পরিদর্শক লোকমান হোসেন।
তিনি বলেন, ‘এটি পরিকল্পিত হত্যাকাণ্ড কিনা সেটা নিশ্চিত নই। তবে আশা করছি দ্রুত আসামি গ্রেপ্তারে সক্ষম হবো। ওই তরুণীর পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।’
পিবিআই’র পরিদর্শক শহিদুল ইসলাম বলেন, ‘ফিঙ্গার প্রিন্ট দিয়ে তরুণীর নাম-পরিচয় পাওয়া গেছে। তবে বিস্তারিত কোনো তথ্য মেলেনি।’
বরিশাল নৌ-পুলিশের সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, ‘প্রতিবছর লঞ্চে এমন হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। পুলিশ নেই কোনো লঞ্চে, আনসারও নেই ঠিকমতো। গাফিলতি রয়েছে মনে করছি।’
তিনি বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা এটিও হত্যাকাণ্ড, দ্রুত আসামিকে খুঁজে বের করা হবে।’
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.