আজকের ক্রাইম ডেক্স
ঢাকার সাভারে পূর্ব শত্রুতার জেরে বিষ প্রয়োগে এক খামারির দেশি ও বিদেশি প্রজাতির প্রায় ২৫০ হাঁস মেরে ফেলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (০২ ডিসেম্বর) দুপুর ১টার দিকে আশুলিয়ার দরগার পাড় এলাকায় রাশেদ ভূঁইয়ার খামারে এ ঘটনা ঘটে।
খামারির অভিযোগ, জমি সংক্রান্ত বিরোধের জেরেই তার হাঁসগুলো মেরে ফেলা হয়েছে। এমনকি খামারের ম্যানেজারকে মারধর করা হয়েছে। এতে চার লাখ টাকার ক্ষতি হয়েছে বলেও দাবি খামারির।
খামারের মালিক রাশেদ ভূঁইয়া বলেন, চাচাতো ভাইয়ের লিজ নেওয়া জায়গায় এক বছর আগে শখ করে হাঁসের খামার শুরু করেন। দেশের বিভিন্ন এলাকা থেকে বিদেশি প্রজাতির ১০০ বেলজিয়াম ও ১৫০ খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা সংগ্রহ করে খামারে আনেন। দেখাশোনার জন্য একজন ম্যানেজারও রাখেন। আজ দুপুরে ম্যানেজার তাকে ফোন করে জানায় জাহাঙ্গীর, ফারুক ও বশিরসহ অজ্ঞাত দুই তিনজন মিলে তার কাছে শেডের চাবি চায়। চাবি না দিলে তাকে মারধর করার এক পর্যায়ে জীবন রক্ষার্থে সে পালিয়ে যায়। কিছুক্ষণ পরে এসে দেখেন হাঁসগুলো লাফিয়ে লাফিয়ে মারা যাচ্ছে।
তিনি আরও বলেন, জাহাঙ্গীরের সঙ্গে জমি নিয়ে তার বিরোধ চলে আসছে। গতকালকেও জাহাঙ্গীর খামারে দুইটা লোক পাঠিয়ে খাওয়ার জন্য ১০টি হাঁস চেয়েছিল। এতে রাজি না হওয়ায় হুমকি দিয়ে যায়। আমি জিডিও করেছিলাম। এরই জেরে তার হাঁসগুলো মেরে ফেলা হয়েছে।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আসওয়াদুর রহমান বলেন, রাশেদ ভূঁইয়া নামে এক ব্যক্তি তাকে হুমকি দেওয়ার ঘটনায় জিডি করেছেন। তবে আজ হাঁস মারা যাওয়ার বিষয়টি আমার জানা নেই। এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সাভার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সাজেদুল ইসলাম বলেন, ভুক্তভোগী থানায় অভিযোগ করার পর বিষয়টি আমরা দেখবো। পরে পুলিশের মাধ্যমে মরে যাওয়া হাস ফরেনসিকে পাঠানো হবে। পরবর্তীতে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.