বাবুগঞ্জ প্রতিনিধি ঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বরিশালের বাবুগঞ্জে আচরণবিধি লঙ্ঘন করে খিচুরী পার্টি ও জনসভা করার অভিযোগ উঠেছে প্রার্থীর বিরুদ্ধে। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মিজানুর রহমান ঘটনাস্থলে পৌঁছে পুলিশের সহায়তায় আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর খিচুড়ি পার্টি পন্ড করে দেন। এ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত ১০ টায় বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের রামপট্টি এলাকায়।
বাবুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মোঃ মিজানুর রহমান জানান, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে রহমতপুর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার মাহমুদের প্রায় ৫ শতাধিক কর্মী-সমর্থক ইউনিয়নের রামপট্রি এলাকায় একটি বাড়ির সামনে মঙ্গলবার রাত ১০ টার দিকে সমাবেত হয়ে নির্বাচনী প্রচারণা করছিলো।
এমন কি ৫ শতাধিক লোকের জন্য খিচুড়ি রান্নার আয়োজন চলছিলো। যা স্থানীয় সরকার নির্বাচন আইন অনুযায়ী সম্পূর্ন আচরণবিধি লঙ্ঘন। এজন্য পুলিশ সাথে নিয়ে স্বতন্ত্র প্রার্থীর ওই প্রচারণামুলক কর্মকান্ড ভন্ডুল করে দেয়া হয়েছে। তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে সরোয়ার মাহমুদের কর্মী সমর্থকরা সটকে পড়ায় তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিতে পারেননি প্রশাসন।
এছাড়াও তিনি বলেন, নির্বাচনী আচরণবিধি ণঙ্ঘন করে খিচুড়ি পার্টি করার দায়ে রান্নাকৃত খিচুড়ি জব্দকরে এতিমখানায় বিতরণ করা হয়েছে এবং বাবুর্চিকে প্রশাসনের হেফাজতে নেওয়া হয়েছে।
আচরণবিধি লঙ্ঘনের কারণে প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান তিনি।
এব্যাপারে বর্তমান চেয়ারম্যান ও আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সরোয়ার মাহমুদ জানান, আমি স্টেশনে ছিলাম না। আমি কিছু জানি না। তবে ওই ব্যাপারে তার ছেলে মাহাবুবুর রহমান সোহাগের সাথে আলাপ করার কথা হবে বিষয়টি এড়িয়ে যান।
এব্যাপারে বাবুগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম বলেন, বর্তমান চেয়ারম্যান ও স্বতন্ত্র পদপ্রার্থী মোঃ সরোয়ার মাহমুদের কর্মী সমর্থকরা নির্বাচন চলাকালীন সময়ে আচারণ বিধি লঙ্ঘন করে ভোটারদের উদ্ভুদ্ধ করার জন্য খিচুড়ি রান্না করছেন। এমন খবর শুনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মিজানুর রহমান কে বিষয়টি অবহিত করেছি। তিনি ঘটনাস্থলে গিয়ে রান্না করা খিচুড়ি জব্দ করে এতিম শিশুদের মাঝে বিতরণ করেছেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.