আজকের ক্রাইম ডেক্স
চট্টগ্রাম নগরীর প্রধান পূজা মণ্ডপ জেএমসেন হলে হামলার ঘটনায় গ্রেপ্তার সাত জনকে একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শুক্রবার (২২ অক্টোবর) চট্টগ্রাম মহানগর হাকিম মো. সফি উদ্দিন পুলিশের আবেদনের ওপর শুনানি শেষে জিজ্ঞাসাবাদের জন্য এ আদেশ দেন।
তারা হলেন- মো. নাছির (২৫), মিজানুর রহমান (৩৭), মো. রাসেল (২৬), ইয়াসিন আরাফাত (১৯), হাবিবুল্লাহ মিজান (২১), মো. ইমন (২১) ও ইমরান হোসেন। তবে গ্রেপ্তার বাকি তিন জনের বয়স ১৮ বছরের নিচে হওয়ায় রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়নি।
এর আগে বৃহস্পতিবার (২১ অক্টোবর) চট্টগ্রাম নগরী ও সাতকানিয়া উপজেলায় অভিযান চালিয়ে ডাকসুর সাবেক ভিপি নুরের সংগঠন ছাত্র ও যুব অধিকার পরিষদের ৯ নেতাকর্মীসহ ১০ জনকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানা পুলিশ।
এদের মধ্যে ‘হামলার পরিকল্পনাকারী ও নেতৃত্বদাতা' নাছির যুব অধিকার পরিষদের চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক এবং মিজানুর রহমান সদস্য সচিব। রাসেল ওই সংগঠনের বায়েজিদ বোস্তামি থানা শাখার আহ্বায়ক। এছাড়া ইমন ছাত্র অধিকার পরিষদের চট্টগ্রামের দায়িত্বশীল নেতা।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দীন বলেন, ‘গ্রেপ্তার ১০ জনের মধ্যে সাত জনকে সাতদিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছিল। তবে ১০ জনকেই আদালতে হাজির করা হয়েছিল।'
রাষ্ট্রপক্ষে রিমান্ড শুনানিতে অংশ নেওয়া সহকারী পাবলিক প্রসিকিউটর রুবেল পাল বলেন, ‘শুনানি শেষে আদালত সাতজনকে একদিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন। তিন কিশোরকে সংশোধনাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।'
গত ১৫ অক্টোবর দুপুরে চট্টগ্রাম নগরীর প্রধান পূজামণ্ডপ জেএম সেন হলে হামলা চালানো হয়। পুলিশ জানিয়েছে, যুব ও ছাত্র অধিকার পরিষদের নেতারা মিছিল নিয়ে এসে সাধারণ মুসল্লিদের উত্তেজিত করে মণ্ডপে হামলা সংগঠিত করে। এ ঘটনায় এ পর্যন্ত ১০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.