আজকের ক্রাইম ডেক্স::বরিশাল নগরীর চহঠা এলাকায় সাবেক ব্যাংক কর্মকর্তা মনজুর মোর্শেদকে হত্যার ঘটনায় জড়িত ৩ ঘাতককে গ্রেপ্তার করেছে বরিশাল মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। আজ বৃহস্পতিবার বিকেলে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান।
গ্রেপ্তাররা হলেন- নগরীর শের-ই-বাংলা সড়ক এলাকার তরিকুল ইসলাম সাকিব, আলমগীর হাওলাদার এবং পটুয়াখালীর জামাল।
পুলিশ কমিশনার বলেন, নগরীর কাশিপুরের চহঠা এলাকায় ব্যাংক কর্মকর্তা মনজুর মোর্শেদকে নিজ বাড়িতে হত্যা এবং চুরি সংঘটিত হয়। এছাড়া নগরীর ফিশারী রোড এলাকায় মনোয়ার হোসেনের বাড়িতে রাতে চুরি হয়। তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশ জানতে পারে দুটি ঘটনায় একই ব্যক্তিরা জড়িত। পরবর্তীতে নগরীর শের-ই বাংলা সড়ক থেকে সাকিব ও আলমগীরকে গ্রেপ্তার করা হয়। তাদের স্বীকারোক্তি অনুযায়ী পটুয়াখালী জেলা থেকে জামাল নামের অপর ঘাতকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ কমিশনার বলেন, আন্তজেলা এ ডাকাতদলে আরও ৫ থেকে ৭ জন সদস্য রয়েছে বলে প্রাথমিকভাবে গ্রেপ্তাররা জানিয়েছে। তাদের বাকি সদস্য যারা ওই দুটি ঘটনার সাথে জড়িত, তাদের গ্রেফপ্তার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে অভিযান চলছে।
মি শাহাবুদ্দিন খান জানান, এরা বরিশালের বিভিন্ন জায়গায় চুরি ও ডাকাতিসহ অধিকমাত্রার আরও কিছু অপরাধ ঘটিয়েছে। সেইসঙ্গে প্রাথমিক তথ্যানুযায়ী মানুষকে ভয় দেখানোর জন্য আগ্নেয়াস্ত্রসহ বিভিন্ন ধরণের অস্ত্রও ব্যবহার করে তারা। আমরা চেষ্টা করছি তাদের সংগঠিত অপরাধগুলোর সন্ধান বের করতে। সেইসঙ্গে ডাকাতির কাজে ব্যবহৃত সকল ধরণের সরঞ্জাম উদ্ধার করে সকলকে আইনের আওতায় আনা হবে।
এদিকে ওই তিন ডাকাত সদস্যকে বিমানবন্দর থানায় দায়েরকৃত দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ বিকেলে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগের পরিদর্শক (তদন্ত) এ আর মুকুল।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ কমিশনার এনামুল হক, উপ-পুলিশ কমিশনার উত্তর মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, উপ-পুলিশ কমিশনার ডিবি মনজুর রহমান, সহকারী পুলিশ কমিশনার (ক্রাইম, অপারেশনস এন্ড প্রসিকিউশন) নাসরিন জাহান প্রমুখ।
প্রসঙ্গত উল্লেখ্য, গত ৩ জুলাই বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানাধীন নগরীর ফিসারি রোড এলাকায় মনোয়ার হোসেনের বাড়িতে ডাকাতি সংঘটিত হয়। নগদ ৫৩ হাজার টাকাসহ প্রায় ১৪ ভরি স্বর্ণালঙ্কার লুণ্ঠিত হয়। এ বিষয়ে গত ৫ জুলাই এয়ারপোর্ট থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে ডাকাতি মামলা রুজু করা হয়।
এছাড়া গত ১১ আগস্ট এয়ারপোর্ট থানাধীন কাশিপুর চহঠা এলাকায় সাবেক ব্যাংক কর্মকর্তা ও বিসিসির ২৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জগলুল মোর্শেদ প্রিন্সের বাবা মঞ্জুর মোর্শেদের বাড়িতে রাতের বেলায় চুরিসহ হত্যাকাণ্ড সংঘটিত হয়। সে ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করে তার পরিবার।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.