আজকের ক্রাইম ডেক্স
সামাজিক বা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বড় অপরাধ হলেও দেশের আইনে আপত্তিকর অবস্থায় কাউকে পেলে মাত্র একশ টাকা জরিমানা করা ছাড়া আর কিছুই করার নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) শফিকুল ইসলাম।
মঙ্গলবার (১০ আগস্ট) তার কার্যালয়ে সাংবাদিকদের সাথে পরীমনি ও অন্যান্য ইস্যুতে ব্রিফিংকালে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি আইনের কথা উল্লেখ করে বলেন, প্রখ্যাত কোনো মডেলকে সমাজের উঁচুদরের কারো সাথে আপত্তিকর অবস্থায় পেলে পুলিশের খুব বেশি কিছু করার নেই। কেননা আইনের চোখে এটি খুবই ছোট অপরাধ। এখানে আমাদের খুব বেশি কিছু করার নেই।
শফিকুল ইসলাম বলেন, এখন যে বিষয়টি নিয়ে আমরা অভিযানে গেছি, বিশেষ করে পরীমনির ঘটনাটার পর আমরা কিন্তু একটু নড়েচড়ে বসলাম যে আসলে আন্ডারওয়ার্ল্ডে কী হচ্ছে! যখন দেখলাম যে এ ধরনের অনৈতিক কর্মকাণ্ড হচ্ছে তখন কিন্তু আমরা একটা অভিযানে গেছি।
এ ধরনের কর্মকাণ্ড চললে ও সুনির্দিষ্ট অভিযোগে পেলে পুলিশ অভিযানে যাবে বলেও মন্তব্য করেন ডিএমপি কমিশনার।
ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম বলেন, একটা জিনিস স্বীকার করতে হবে যে, বাংলাদেশের আইনে এটি অত্যন্ত ছোট একটি অপরাধ। আমরা যেভাবে সামাজিক অবক্ষয়ের কথা বলছি বা ধর্মীয় দিক থেকে দেখছি সেদিক থেকে এটা অনেক বড় অপরাধ। তবে আইনে কিন্তু এটা অত বড় অপরাধ না। আমি কোথাও অভিযান করে প্রখ্যাত মডেল বা উঁচুদরের মানুষকে আপত্তিকর অবস্থায় পেলাম, তাহলে আমি কী করতে পারি? তাকে ২৯২ এর অধীনে প্রসিকিউশিন দিতে পারি জরিমানা ১০০ টাকা। তাও যদি হাতেনাতে ধরতে পারি। আর হাতেনাতে ধরতে না পারলে তো আর কোনো সুযোগ নাই।
চিত্রনায়িকা পরীমনি ইস্যুতে গোলাম মোহাম্মদ সাকলায়েনের ভূমিকা নিয়ে পুলিশ বিব্রত বলে জানান শফিকুল ইসলাম।
ডিএমপি কমিশনার বলেন, ইতোমধ্যে তাকে (গোলাম মোহাম্মদ সাকলায়েন) গোয়েন্দা বিভাগ (ডিবি) থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
শফিকুল ইসলাম বলেন, পরীমনির কোনো মামলা তদারকির সঙ্গে পুলিশ কর্মকর্তা সাকলায়েন জড়িত ছিলেন না। সঙ্গত কারণে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কোনো সুযোগ নেই। তবে বাহিনীর শৃঙ্খলা ও নৈতিকতা ভঙ্গের কারণে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
ডিএমপি কমিশনার বলেন, একজন বিসিএস ক্যাডার অফিসার এ ধরনের অনৈতিক সম্পর্কে জড়াবে-এটি কখনই প্রত্যাশিত না। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.